ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়া দিয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ ওঠায় ঘটনার ব্যাখ্যা দিতে চট্টগ্রামের মিরসরাই থানার ওসিকে তলব করেছে হাই কোর্ট। আগামী ৫ নভেম্বর ওসির সঙ্গে নিজের ভূমিকার ব্যাখ্যা দিতে সালিশকারীকেও আসতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকীর করা এক আবেদনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া মঙ্গলবার এই আদেশ দেয়।
একই সঙ্গে ঘটনার শিকার নারী মামলা করলে তা গ্রহণ এবং মামলা না করলে পুলিশকেই বাদী হয়ে তা করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।
এই সব আদেশের পাশাপাশি একটি রুলও দিয়েছে হাই কোর্ট। ওই গৃহবধূর বিষয়ে সালিশের নামে ফতোয়া করে সংগঠিত অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধির ১৫৬ ও ১৫৭ ধারা অনুসারে বিবাদীদের কেন তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রামের পুলিশ সুপার, মিরসরাই থানার ওসি এবং সালিশকারী ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজুল হক জুনুকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ১৫৬ ও ১৫৭ ধারায় আমলযোগ্য অপরাধের বিষয়ে পুলিশের ভূমিকার কথা বলা হয়েছে।
সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী পালিয়ে বেড়ানো ওই নারী যাতে নিজ বাড়িতে থাকতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশ সুপার ও ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশনা বাস্তবায়ন করে সাতদিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতেও বিবাদীদের বলা হয়েছে।
“গৃহবধূকে মাটিতে পুঁতে পাথর ছোড়ার ফতোয়া!” শিরোনামে গত ১৪ অক্টোবর কালের কণ্ঠের একটি প্রতিবেদনে বলা হয়, পারিবারিক কলহের কারণে প্রতিবেশীরা নগ্ন করে ওই গৃহবধূকে গাছে বেঁধে রাখায় তিনি যৌন হয়রানির মামলা করেন। ঘটনায় সময় উপস্থিত থেকেও কোনো ভূমিকা না রেখে উল্টো তাকে একঘরে করে রাখার ফতোয়া দেয়ায় স্থানীয় ইউপি সদস্য জুনু মেম্বারকেও আসামি করেছেন তিনি।
প্রতিবেদনে আরো বলা হয়, গত ২ অক্টোবর রাতে ওই গৃহবধূকে নিয়ে সালিশ বসে মিরসরাইয়ের ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া ফোরকানিয়া মাদ্রাসায়। শতাধিক মানুষের উপস্থিতিতে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক জুনু মেম্বার (৫০) ফতোয়া দেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করতে হবে।
প্রবাসীর স্ত্রী ওই নারীর সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ওই কলহের জের ধরে প্রতিবেশীদের কয়েকজনই গত ২৭ জুলাই নির্যাতন চালায় বলে ওই নারী অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭১১ ঘ.
bdnews24