ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যন বিভাগের কম্পিউটার ল্যাবরেটরিতে চুরি হয়েছে।
সোমবার রাতে ল্যাবরেটরির পেছনের জানালার গ্রিল কেটে এই চুরি করেছে বলে বিভাগের শিক্ষকরা জানিয়েছেন।
বিভাগের শিক্ষক ও ল্যাব পরিচালক মোয়াজ্জেম হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ল্যাব থেকে ১৬টি সিপিইউ, ৫টি মনিটর, একটি প্রজেক্টর ও বেশকিছু যন্ত্রাংশ চুরি হয়েছে।
এসব মালামালের মূল্য প্রায় দশ লাখ টাকা বলে তিনি জানান।
কর্তব্যরত নিরাপত্তাকর্মী জাহিদুল ইসলাম বলেন, মধ্যরাতে কোনো এক সময় এ চুরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম এয়াকুব আলী বলেন, নিরাপত্তহীনতার কারণে বিশ্ববিদ্যালয়ের সম্পদ চুরির দায়ভার বর্তমান প্রশাসনের। চুরির কারণে খোয়া যাওয়া সম্পদের মূল্য বর্তমান প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের বেতন-ভাতা থেকে পরিশোধ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিসংখ্যন বিভাগের সভাপতি ড. কামাল উদ্দিন বলেন, এ ব্যাপারে আইনি সহায়তার জন্য পুলিশের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
ইবি থানার ওসি মনির উদ্দিন মোল্যা বলেন, কম্পিউটার ল্যাবে চুরির ব্যাপারে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
শিক্ষক ও কর্মচারী নিয়োগ নিয়ে চলমান অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের ঈদ ও পূজার ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণার দুই দিনের মধ্যে এ চুরির ঘটনা ঘটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১০ ঘ.
bdnews24