২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে টিভির সাংবাদিক ও স্ত্রী কারাগারে

একটি প্রতারণা মামলায় একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী এবং তার স্ত্রী সিনথিয়া আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি প্রতারণা মামলায় একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী এবং তার স্ত্রী সিনথিয়া আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান মঙ্গলবার এই আদেশ দেন বলে জানান আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম। তিনি বলেন, প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার একটি মামলায় দ্বিতীয় দফা জামিনের মেয়াদ শেষে স্থায়ী জামিনের আবেদন করেন মাহাথির ও তার স্ত্রী। কিন্তু আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহাথির ও তার স্ত্রীর আইনজীবী এমএ বারী জামিন বাতিলের আদেশ পুনর্বিবেচনার আবেদন করলে তাও নাকচ হয়ে যায়। মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি গ্লোবাল মানি সুইং কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৩ জুন কলাবাগান থানায় এই মামলা হয়। এরপর ১ জুলাই হাই কোর্ট থেকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন নেন মাহাথির ও তার স্ত্রী। ওই জামিনের মেয়াদ শেষে গত ২ সেপ্টেম্বর তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে আবারো জামিন নেন। মঞ্জুরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর করা এ মামলার এজাহারে অভিযোগ করা হয়, গ্লোবাল মানি সুইং নামের একটি এমএলএম কোম্পানি খুলে প্রায় তিনশ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা আদায় করেছেন মাহাথির ও তার স্ত্রীসহ মোট পাঁচজন। টাকা দ্বিগুণ করে দেয়ার কথা বলে তারা ওই টাকা আত্মসাত করেন। টাকা নেয়ার প্রায় দুই মাস পর গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রতিষ্ঠানটি ‘উধাও’ হয়ে যায়। মামলার অন্য আসামিরা হলেন- ওয়াসিম আহমেদ, ওকিদুজ্জামান ডাবলু ও ইব্রাহিম হাসান সোহাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৭০৩ ঘ.