ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের দায়ের করা এক মামলায় ‘সকাল বেলার পাখি’ নামের একটি শিশু সাহিত্য সঙ্কলনের প্রকাশনা, বাজারজাতকরণ ও বিতরণ অন্তবর্তী সময়ের জন্য স্থগিত করে দিয়েছে আদালত।
ওই সঙ্কলনের একটি নিবন্ধে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি হিসাবে এম এ মুহিতের নাম উল্লেখ করায় সোমবার ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন মুসা।
এ বিষয়ে শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান গাজী মঙ্গলবার আদেশ দেন।
আদেশে বলা হয়, সঙ্কলনটির প্রকাশনা, বাজারজাতকরণ, বিপণন কেন নিষিদ্ধ করা হবে না- তা ১৫ দিনের মধ্যে বিবাদীদের জানাতে হবে। তারা আদালতে লিখিত জবাব দাখিল না করা পর্যন্ত সঙ্কলনটির প্রকাশনা, বাজারজাতকরণ, বিতরণ বা অন্য কোনোভাবে হস্তান্তর স্থগিত থাকবে।
বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাবের (বিএমটিএ) সভাপতি ইনাম আল হক, ‘সকাল বেলার পাখি’ সঙ্কলনের প্রধান সম্পাদক সুবল কুমার বণিক, উপদেষ্টা সম্পাদক মাহফুজুর রহমান, সম্পাদক রহীম শাহ, অতিথি সম্পাদক শ্যামল কান্তি দাস, সম্পাদনা সহকারী আরিফ নজরুল ও প্রকাশক কামরুজ্জামান কাজলকে বিবাদী করা হয়েছে এ মামলায়।
এর আরজিতে বলা হয়, ‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।”
বাজারে ওই সঙ্কলনের যতো কপি আছে তা বাজেয়াপ্ত করারও আবেদন করেছেন মুসা ইব্রাহিম। পাশাপাশি ‘প্রবন্ধটি’ সংশোধনের জন্য আগ পর্যন্ত সঙ্কলনের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন।
মুসা ইব্রাহীম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশি হিসেবে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করি আমি। আর এম এ মুহিত হলেন দ্বিতীয়।”
কেন তাকে প্রথম এভারেস্ট জয়ী হিসেবে আখ্যায়িত করা হয়েছে- প্রশ্ন রেখে মুসা বলেন, “লেখক ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করেছেন- যা অন্যায়। তিনি তা কোনোভাবেই করতে পারেন না।”
“ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে পারে সেই দায়বোধ থেকেই আমি মামলা করেছি।”
মুসা বলেন, “সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মাইনাস করে ভুল ইতিহাস লেখা হয়েছে। ওই বই বাজারে থাকলে অসংখ্য মানুষ ভুল ইতিহাস জানবে। যা ভয়াবহ অন্যায়।”
ইনাম আল হক রচিত ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে, “বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।’
ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।
২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহিম এভারেস্ট চূড়ায় ওঠেন। আর পরের বছর ২১ মে এমএ মুহিত এভারেস্ট জয় করেন।
এরপর চলতি বছর ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাবের এই সদস্যের পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের ছয় দিনের মাথায় সে কৃতিত্ব অর্জন করেন আরেক বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24