ব্রাহ্মণবাড়িয়া/ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বিএসএফের গুলি চালানোর পক্ষে আক্রান্ত হওয়ার যুক্তি দাঁড় করিয়েছেন ভারতের স্বরাষ্ট্র সচিব আর কে সিং।
সীমান্তে গুলিতে বাংলাদেশি হত্যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর কড়া সমালোচনার মধ্যে সোমবার তিনি বলেছেন, “বিএসএফ সদস্যরা আক্রান্ত হয় বলে গুলি চালায়।”
আখাউড়া স্থলবন্দর পরিদর্শনের সময় আর কে সিং সাংবাদিকদের আরো বলেন, “যাদের লক্ষ্য করে গুলি চালানো হয় তারা গরু চোরাকারবারী।”
একই ধরনের মন্তব্য করে কয়েকবছর আগে বাংলাদেশে সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকায় ভারতের তৎকালীন হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির প্রাণ হারানোর ঘটনা বহু। ঢাকার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তা বন্ধের দাবি জানানোর পরিপ্রেক্ষিতে সীমান্তে হত্যার ঘটনা কমিয়ে আনার প্রতিশ্রুতি নয়া দিল্লির পক্ষ থেকে দেয়া হলেও তা পুরোপুরি থামেনি।
স্বরাষ্ট্র সচিব পর্যায়ের তিন দিনের একটি সম্মেলনে যোগ দিতে সকালে ঢাকায় আসে আর কে সিংয়ের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দলটি। এরপর তারা ব্রাহ্মণবাড়িয়া যান। দুপুরের পর প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিকালে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সীমান্ত হত্যা গভীর উদ্বেগের বিষয়।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্বদাতা যুগ্মসচিব শম্ভু সিংহ সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে তার দেশের সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান কামাল উদ্দিন।
স্থল সীমানা চুক্তি অনুসমর্থনের বিষয়ে তিনি বলেন, “আমাদের বলা হয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে।”
দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের যৌথ প্রতিনিধি দল সোমবার সকালে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করে। তারা বন্দরের চেকপোস্ট স্থাপনের কাজসহ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
আখাউড়া পরিদর্শনের আগে সীমান্তের ওপারে আগরতলায় দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক হয়। এতে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ।
তিনি জানান, দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়, নিরাপত্তা, চোরাচালান বন্ধ, সীমান্তে বিএসএফের গুলি বন্ধে পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ত্রিপুরা প্রতিনিধি জানান, সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে বাংলাদেশ সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব।
তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের পদক্ষেপে আমরা খুশি। তবে বিদ্রোহীদের কিছু আস্তানা এখনো রয়েছে। সেগুলো উচ্ছেদেও বাংলাদেশ সরকারের সঙ্গে তথ্য বিনিময় হচ্ছে।”
বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেন ভারতের স্বরাষ্ট্র সচিব। উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের বিষয়টি আইনি প্রক্রিয়া মেনেই হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসজেড/ডিডি/এইচএ/এমআই/০০৪২ ঘ.
bdnews24