বগুড়া, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চার দিনের কর্মবিরতির কর্মসূচি দেয়া হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া শাখা সোমবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে।
ঘোষণা অনুযায়ী, ১৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ১৯ অক্টোবর সকাল পর্যন্ত কর্মবিরতিতে থাকবে বগুড়ার সব সরকারি হাসপাতালের চিকিৎসকরা।
গত শুক্রবার বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে চিকিৎমকদের ওপর হামলা হয়। এই ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা এখনো গ্রেপ্তার হয়নি।
বিএমএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়া শাখার সভাপতি মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক রেজাউল আলম জুয়েল, কোষাধ্যক্ষ আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
১৯ অক্টোবরের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ২০ অক্টোবর থেকে আরো বড় কর্মসূচি দেয়া হবে বলেও হুমকি দেন চিকিৎসক নেতারা।
এদিকে একই দাবিতে সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শজিরমেক হাসপাতাল ও মোহাম্মাদ আলী হাসপাতালে কর্মবিরতি পালন করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেন চিকিৎসকরা।
গত শুক্রবার গাবতলী এলাকার আবু রায়হান বিলু (৩০) প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে চিকিৎসকদের ওপর হামলা চালায় বিলুর অনুসারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/২৩৩৩ ঘ.
bdnews24