কুমিল্লা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার মধ্য দিয়ে সোমবার কুমিল্লা জেলা জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
হরতাল চলাকালে পুলিশ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে।
এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস সেল ছুড়েছে।
এদিকে সংবাদ সম্মেলনে জামায়াত ১৬ থেকে ২৬ অক্টোরব পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, জামায়াতের ইটপাটকেলের আঘাতে সাইফুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল আহত হন।
তিনি বলেন, ভোরে নগরীর ২/৩টি স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীরা পিকেটিং করার চেষ্টা করে। কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় তা পণ্ড হয়ে যায়।
সকাল থেকে নগরীতে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে কুমিল্লা থেকে দূরপাল্লার যানবাহন ছেড়েছে কম।
কুমিল্লা মহানগর এবং চৌদ্দগ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল বলেও তিনি জানান।
হরতালের পর বিকালে নগরীর মোগলটুলীতে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা সৈয়দ আব্দুল¬াহ মোহাম্মদ তাহের বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আলাউদ্দিনকে হত্যা করেছে।
সংবাদ সম্মেলনে ১৬ থেকে ২৬ অক্টোরব পর্যন্ত ১১ দিনের কর্মসূচিতে রয়েছে দেশব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, জেলায় দোয়া দিবস পালন, ডিসি ও এসপিকে স্মারকলিপি প্রদান, জেলার ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় গণসংযোগ, মানববন্ধন।
সংবাদ সম্মেলনে জামায়াত মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, জামাত নেতা আবদুস ছাত্তার, শাহাবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামে ৪ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন খন্দকার গুলিতে নিহত হন।
এ ঘটনায় থানায় চারটি মামলা হয়েছে। এরমধ্যে দুইটি করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24