ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কদমতলী থানার ওসির অপসারণ দাবিতে রাজধানীর জুরাইনে ঢাকা-পাগলা রোড অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি দলের সর্মথকরা।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।
বাংলাদেশ ওলামা লীগের সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওসির বিভিন্ন ‘অপকর্মের’ প্রবিাদে তার অপসারণ চেয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ বিক্ষোভ করছে।
তিনি দাবি করেন, “কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম মোটা অংকের টাকা খেয়ে এলাকায় মাদকের স্পট চালায়। টাকা খেয়ে বিভিন্ন মানুষকে হয়রানিও করেন এই ওসি।”
চাঁদাবাজির অভিযোগে দেলোয়ার হোসেনকে গত ১০ অক্টোবর র্যাব ধরে নিয়ে কদমতলী থানায় তুলে দেয়। পরে জামিনে বের হয়ে আসেন দেলোয়ার।
নার্গিস নামে জুরাইনের এক বাসিন্দা অভিযোগ করেন, দেলোয়ারের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সে র্যাবের হাতে ধরা পড়ার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছিলো। কিন্তু একদিন পর জামিনে বের হয়ে আসায় এলাকাবাসী হতাশ হয়ে পড়েছে।
এদিকে কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুরাইন এলাকায় এক বাড়ীওয়ালার কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিলো। বাড়ীওয়ালা নিজ বাড়ীতে না থেকে অন্যত্র ভাড়া থাকছেন। কিন্তু ওই বাড়ী অন্যজনকে ভাড়া দেওয়ায় সন্ত্রাসীরা ওই ভাড়াটেকে মারধর করে।
বাড়ীওয়ালা থানায় মামলা করলে পুলিশ ৯ অক্টোবর দুজনকে গ্রেপ্তার করে।
ওসি আরো বলেন, “গ্রেপ্তারকৃত দুই সন্ত্রাসী নাকি ছাত্রলীগ করেন- এমন অভিযোগে তারা বিক্ষোভ করছেন।”
আধঘণ্টা পর ওই এলাকা দিয়ে যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০৩৮ ঘ.
bdnews24