ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সড়ক ভবনে পরিবহন ব্যবস্থাপনা ও ভাড়া নিয়ে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ অনুরেধ জানান তিনি।
তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “ঈদুল আযহা ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়, তাই আপনাদেরও ত্যাগ স্বীকারের অনুরোধ করছি।”
বাড়তি ভাড়া আদায় ও কালোবাজারে টিকেট বিক্রির বিষয়ে মালিক-শ্রমিকদের সচেতন থাকতেও বলেন মন্ত্রী।
ঈদের সময় নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া কমপক্ষে দুদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান ও কনটেইনার চলাচল বন্ধ রাখতেও তাদের প্রতি আহ্বান জানান তিনি।
ঈদের সময় কাভার্ড ভ্যান ও কনটেইনার চলাচল বন্ধ রাখার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানান পরিবহন শ্রমিক ও নেতারা।
সভায় নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান ও যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধŸতন কমকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি নেতা রস্তম আলী খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএএইচ/এইচএ/১৮৪৬ ঘ.
bdnews24