ঢাকা, অক্টোবর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে জটিলতায় সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া নাগরিক সমাজের একটি অংশের সঙ্গে নৈশভোজ করেছে বিশ্ব ব্যাংকের সফররত প্রতিনিধি দল।
রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় নৈশভোজটির আয়োজক ছিলেন ঢাকায় বহুজাতিক ঋণদাতা সংস্থাটির আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন।
এতে আমন্ত্রিত ছিলেন গণফোরাম সভাপতি ও আইনজীবী ড. কামাল হোসেন, ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা সাদিক আহমেদ, আইনজীবী ব্যারিস্টার মনজুর হাসান।
বিশ্ব ব্যাংকের সফররত তিন প্রতিনিধিসহ সংস্থার ঢাকা কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাও ভোজে অংশ নেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।
ভোজে অংশগ্রহণকারীদের একজন মাহফুজ আনামের কাছে বিষয়টি নিয়ে জানতে টেলিফোন করা হলে মন্তব্য না করে তিনি ফোন কেটে দেন।
পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে জটিলতার পর এই পত্রিকা ও এর সহযোগী একটি বাংলা দৈনিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি অবস্থায় সেনা সমর্থিত সরকারের নেপথ্য ভূমিকার জন্য রাজনীতিবিদ ও আইনজীবী ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করে আসছেন।
বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে নৈশভোজের বিষয়ে ড. কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুই বার কথা বলার সময় দিয়েও সন্ধ্যায় জানান, এদিন তিনি মিডিয়ার সঙ্গে আর কথা বলবেন না।
২০০৭ এর মতো দেশে অসাংবিধানিকভাবে ক্ষমতারোহণের ‘ষড়যন্ত্র’ এখনো চলছে আভাস দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত শনিবারও বলেন, “যারা তত্ত্বাবধায়ক সরকারকে ‘এ প্লাস’ সার্টিফিকেট দিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে বলে ফতোয়া দিয়েছিলেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী,,, তারাই আবার খেলা শুরু করেছে।”
বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা সাদিক আহমেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের জামাতা। সোমবার সকালে তিনি যুক্তরাষ্ট্র চলে গেছেন বলে জানিয়েছেন তার একজন সহকর্মী।
টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া মেলেনি ব্যারিস্টার মনজুর হাসানের।
পদ্মা সেতুর কথিত দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংকের তিন সদস্যের দল শনিবার ঢাকা আসেন।
পর্যবেক্ষক দলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
রোববার তারা দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বৈঠক করেন। সোমবার সন্ধ্যায়ও রূপসী বাংলা হোটেলে দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা।
পদ্মা সেতুর ঋণদাতা অন্য তিন সংস্থা এডিবি, আইডিবি ও জাইকার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সদস্যরা। অর্থমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএসজেড/আরবি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24