২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মজুরি-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজডের একটি রপ্তানীমুখী পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজডের একটি রপ্তানীমুখী পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে মানববন্ধন করেছে। সোমবার দুপুরে শহরের চাষাঢ়া বিকেএমইএ কার্যালয়ের সামনে আদমজী ইপিজেডের হাইল্যান সোয়েটার ইন্ট্যারনাশনাল লিমিটেডের শ্রমিবরা এই মানববন্ধন করে। আদমজীতে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের বকেয়া পাওনা সমস্যা সমাধানে মালিকপক্ষের আলোচনা করে আমরা ও বেপজা ব্যর্থ হয়েছি। তিনি শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে।” “এর আগে এই কারখানার মালিক জাকির হোসেন ঢাকার মিরপুরে শ্রমিকদের বকেয়া পরিশোধ না করে সেখান থেকে চলে আসে। এখানেও একই অবস্থা সৃষ্টি হচ্ছে।” ফলে টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে কারখানা মালিকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে শ্রমিকরা বলে জানান তিনি। কারখানার শ্রমিক লাকী আক্তার, ইয়াকুব আলী জানান, আদমজী ইপিজেডের হাইল্যান সোয়েটার ইন্ট্যারনাশনাল লিমিটেডের কারখানার ৪শ’ শ্রমিকের গত মাসের মজুরি বকেয়া রয়েছে। কোয়ালিটি কন্টোলার মোজাম্মেল বলেন, “মালিক পক্ষকে বার বার জানিয়েও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে।” তারা অবিলম্বে বকেয়া মজুরি ও বোনাস প্রদানের এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. চুন্নু মিয়ার পদত্যাগ দাবি করেন। মানববন্ধন শেষে বিকেএমইএ, পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি পেশ করে তারা। এ ব্যাপারে হাইল্যান সোয়েটার ইন্ট্যারন্যাশনাল কারখানার মালিক জাকির হোসেনের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩০ ঘ.