ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফেইসবুকের মাধ্যমে হুমকি দেয়ার কারণে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে এহসানুজ্জামান খান নামের ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক এহসানুজ্জামান ২০০৮ সালে ২৭তম বিসিএসে নিয়োগ পান।
দুপুরে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সোহায়েল বলেন, শাওনের অভিযোগের ভিত্তিতে তথ্যানুসন্ধান চালিয়ে রাত ১১টার দিকে এহসানুজ্জামানকে নিউ ইস্কাটনের একটি ওষুধ কোম্পানির কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এহসানুজ্জামান ফেইসবুকে 'বি যধঃব সবযবৎ ধভৎড়ু ংযধড়িহ' নামের একটি গ্রুপ তৈরি করেন এবং তার বন্ধু শরিফুল ইসলাম ও গৌতমকে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অর্ন্তভুক্ত করেন।
দেশে-বিদেশ মিলিয়ে এই ফেইসবুক গ্রুপে প্রায় ১২শ’ সদস্য রয়েছে বলে সোহায়েল জানান।
তিনি বলেন, ফেইসবুকের এই পেইজে হুমকি দেয়া ছাড়াও শাওন ও তার পরিবারকে হেয়প্রতিপন্ন করতে নানা ধরনের কুরুটিচপূর্ণ কথা এবং ছবি সংযুক্ত করা হয়।
“এহসানুজ্জামান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০০৬ আইনে অপরাধ করেছেন। যার সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদ-”, বলেন এই র্যাব কর্মকর্তা।
অভিনেত্রী শাওনের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনে এহসানুজ্জামান নিজেকে হুমায়ুন আহমেদের একজন ভক্ত বলে দাবি করেন।
তিনি বলেন, দেশ-বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘চিকিৎসার অবহেলায়’ হুমায়ুন আহমেদের মৃত্যু এবং নুহাশপল্লীতে দাফন নিয়ে পারিবারিক বিরোধের নানাধরনের খবর দেখে ফেইসবুকে এই একাউন্ট করা হয়।
“এটা আমার নিজ নামে করা হয়েছে, কোনো ভুয়া নামে করা হয়নি” বলেন এহসানুজ্জামান।
তিনি জানান, যে ১২ শ’ সদস্য গ্রুপে আছে, তার মধ্যে ৪০ থেকে ৫০ জন তার পরিচিত। বাকিদের তিনি চেনেন না।
তবে নিজের দোষ স্বীকার করে এহসানুজ্জামান বলেন, “অ্যাকাউন্ট করার সময় এতো কিছু হবে চিন্তা করা হয়নি। যা করা হয়েছে তাতে তার ভুল ছিল।”
গত ১১ অক্টোবর র্যাবের কাছে অভিযোগ করার কথা উল্লেখ করে শাওন সাংবাদিকদের বলেন, ফেইসবুকে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তার বাড়ির হোল্ডিং এবং টেলিফোন নম্বরও তুলে দেওয়া হয়েছে সেখানে। বিভিন্নভাবে হুমকি এবং কুরুচিপূর্ণ কথা বলায় বাধ্য হয়ে তিনি টেলিফোন লাইনও কেটে দিয়েছেন।
“শুধু তাই নয়, আমার বিরুদ্ধে কি কি লেখা হয়েছে তা ই-মেইল করেও আমাকে জানানো হয়েছে”, বলেন শাওন।
প্রযুক্তি মানুষের ‘উপকারের জন্য’ তৈরি হলেও ‘এক শ্রেণীর মানুষ’ তা অপব্যবহার করছে বলে শাওন মন্তব্য করেন। এসব ব্যাপারে সবাইকে সচেতন করে তোলার জন্য সাংবাদিকদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
সোহায়েল জানান, ফেইসবুকের ওই অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এহসানুজ্জামানের সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৭৫০ ঘ.
bdnews24