২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ‘দপ্তর পুনর্গঠন’

ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোকে বিলুপ্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গঠন করা হয়েছে। মহাপরিচালকের দায়িত্বেও আনা হয়েছে পরিবর্তন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় ১৬ উপজেলায় আকস্মিক ঝড়ের পর ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগের মধ্যেই ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোকে বিলুপ্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গঠন করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকিরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কমকর্তা শাহীনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছর পাস হওয়া ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন’ অনুসারে আগের অধিদপ্তর ও ব্যুরো বিলুপ্ত করে নতুন এই অধিদপ্তর করা হয়েছে। গত বুধবার নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ভোলাসহ দেশের ছয়টি উপকূলীয় জেলার ১৬ উপজেলায় আকস্মিক ঝড়ে ৩৪ জনের প্রাণহানি ঘটে। ঝড়ের পূর্বাভাস দেওয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিলে বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়। ক্ষয়ক্ষতির চিত্র ও সরকারের ত্রাণ বিতরণ পরিস্থিতি তুলে ধরে রোববার এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ এসেছে। এ কারণে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করতে দুজন যুগ্ম-সচিবকে ওই এলাকায় পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৫৫ ঘ.