২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ হাজার নকল সিডিসহ ৫ জন গ্রেপ্তার

নগরীর কোতোয়ালি থানা এলাকার জলসা মার্কেট থেকে প্রায় ১০ হাজার পর্নো ও নকল সিডিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানা এলাকার জলসা মার্কেট থেকে প্রায় ১০ হাজার পর্নো ও নকল সিডিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে তাদের চান্দগাঁও র‌্যাব ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। শনিবার রাতে জলসা মার্কেটের পাঁচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নূর-উজ-জামান। গ্রেপ্তাররা হলো- মো. রাসেল, মো. মিজান, মো. আব্দুল মান্নান, মো. আনোয়ার হোসেন ও মো. ইমতিয়াজ। তারা সবাই চট্টগ্রামের চন্দনাইশ, লোহাগাড়া, ফটিকছড়ি ও নোয়াখালীর বাসিন্দা। র‌্যাব কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, তাদের কাছ থেকে উদ্ধারকৃত সিডির মধ্যে রয়েছে- পাঁচ হাজার নকল সিডি-ভিসিডি, দুই হাজার পর্নো সিডি-ভিসিডি ও বাজারে এখনো মুক্তি পায়নি এমন বাংলা ও হিন্দি চলচ্চিত্রের আড়াই হাজার সিডি-ভিসিডি। গ্রেপ্তারকৃত রাসেল র‌্যাব ক্যাম্পে সাংবাদিকদেরকে জানায়, তিনি নগরীর নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকায় সিডি-ভিসিডি সরবরাহ করতেন। এসব ঢাকা থেকে সংগ্রহ করা হতো। র‌্যাব-৭ ও অপারেশন কো-অর্ডিনেটর অ্যান্টি-পাইরেসি অ্যাকশনের যৌথ অভিযান দল এ অভিযান পরিচালনা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৮৪৭ ঘ.