২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূ নির্যাতন: চার মাতবর গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে নির্যাতনের পর গ্রাম ছাড়ার নির্দেশ দেয়ার ঘটনায় রোববার চার মাতবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

গাইবান্ধা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে নির্যাতনের পর গ্রাম ছাড়ার নির্দেশ দেয়ার ঘটনায় রোববার চার মাতবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন ভগবানপুর গ্রামের আমিনুল ইসলাম (৪৮), শেখ সাদি (৪৫), ইয়াকুব আলী (৬৫) এবং বাসুদেবপুর গ্রামের আব্দুল মজিদ মিয়া (৬০)। বুধ ও বৃহস্পতিবার দুই দফায় নির্যাতিত ওই গৃহবধূ বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। বেদম মারধরে আহত নারী পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রামের এক রিকশাচালকের স্ত্রী। পলাশবাড়ী থানার ওসি শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নির্যাতনের শিকার গৃহবধূ সাংবাদিকদের বলেন, বুধবার রাতে প্রতিবেশী এক যুবক তার বাড়িতে এলে তাদের বিরুদ্ধে ‘অসামাজিক’ কার্যকলাপের অভিযোগ তোলে মাতবররা। মাতবরদের নাম হিসেবে শেখ সাদি, আলম মিয়া, হাফিজুর রহমান, লিটন মিয়াসহ ১০/১২ জনের নাম বলেন তিনি। তিনি বলেন, রাতেই তাদের দুজনকে পাশের ভগবানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরে নিয়ে হাত-পা বেঁধে পেটানো হয়। বৃহস্পতিবার সকালে সালিশ বসিয়ে তিন দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয় এবং ওই যুবকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে গ্রাম পুলিশ আয়নাল হক বৃহস্পতিবার ওই গৃহবধূর হাত-পায়ের বাঁধন খুলে দেন। ওই নারীর স্বামী ও ভগ্নিপতি ওই তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৩৬ ঘ.