ফরিদপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে এক পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দার যদুরদিয়ায় এ দুর্ঘটনায় আহত হন দু’জন।
নিহতরা হলেন মাদারীপুরের টেকেরহাটের স্বর্ণ ব্যবসায়ী নন্দ কর্মকার (৫০), তার জামাতা পীযুষ কর্মকার (৩৫), ছেলে সৌরভ কর্মকার (১৫), নাতি প্রীতম কর্মকার (৪ মাস) এবং প্রাইভেটকারচালক এমরান (২০)।
আহতরা হলেন নিহত নন্দ কর্মকারের স্ত্রী বিষ্ণুপ্রিয়া কর্মকার (৪২) ও মেয়ে সোমা কর্মকার (২৮)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার কনস্টেবল হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে নাতি প্রীতম কর্মকারের চিকিৎসার জন্য এ পরিবারটি প্রাইভেটকারটি ভাড়া করে বাড়ি থেকে ফরিদপুরে যাচ্ছিলেন।
দুপুর আড়াইটার দিকে যদুরদিয়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে নন্দ কর্মকার, পীযুষ কর্মকার, প্রীতম কর্মকার এবং এমরানের মৃত্যু হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সৌরভের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নন্দ, পীযুষ, প্রীতম ও এমরানের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় এবং সৌরভের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
ট্রাকচালক পলাতক। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.
bdnews24