ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জয়নুল বারীকে প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ প্রত্যাহার এবং নিয়োগ দেয়া হয়। প্রত্যাহারের পর জয়নুল বারীকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
চট্টগ্রামে নতুন ডিসি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি আব্দুল মান্নান। তার স্থলাভিষিক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক নূর মোহাম্মদ মজুমদার।
কক্সবাজারের ডিসি জয়নুল বারীকে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়। চলতি অক্টোবর মাসের শুরুতে তিনি চট্টগ্রামে যোগ দেন। কাজে যোগ দেওয়ার দুই সপ্তাহের মধ্যে তাকে প্রত্যাহার করা হল।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলির আদেশ পাওয়া ঢাকার ডিসি মুহিবুল হক রোববার পর্যন্ত তার নতুন কর্মস্থলে যোগ দেননি বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
ডিসি থাকা অবস্থাতেই গত ফেব্রুয়ারি মাসে মুহিবুল হক যুগ্ম-সচিব পদোন্নতি পান।
নিয়ম অনুযায়ী উপসচিব পর্যায়ের কর্মকর্তারাই জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়ে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৫১ ঘ.
bdnews24