সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ করেন নিজের ছেলেবেলার শিক্ষায়তন আজিমপুর গার্লস হাই স্কুলের ছাত্রীদের সঙ্গে।
নতুন প্রজন্মের সঙ্গে তিনি ভাগ করে নেন নতুন প্রযুক্তির পথে ‘বাংলাদেশের এগিয়ে যাওয়ার’ আনন্দ।
থ্রি জি প্রযুক্তির মাধ্যমে ভিডিও কলে পঞ্চম শ্রেণীর ছাত্রী রাবেয়া সুলতানাকে প্রধানমন্ত্রী বলেন, “কত মজা না? টেলিফোনে কথাও বলব, চেহারাও দেখব।”
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের থ্রিজি প্রযুক্তির ‘পরীক্ষামূলক বাণিজ্যিক সেবা’ চালু উপলক্ষে রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
বোতাম চেপে এই প্রযুক্তির পরীক্ষামূলক সেবার উদ্বোধন করে প্রথমেই তিনি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। এরপর তিনি কথা বলেন, নিজের স্কুলের ছাত্রীদের সঙ্গে।
শ্রেণীকক্ষের বসা উৎসুক শিক্ষার্থীর পক্ষে রাবেয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। এ সময় শ্রেণীকক্ষের দরজা আর জানালা ধরে স্কুলের কর্মচারীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শেখ হাসিনা শুরুতেই রাবেয়ার কুশল জিজ্ঞাসা করেন। এরপর মোবাইল ফোনের ওপারে ক্লাসের বেঞ্চে বসা শিক্ষার্থীদের তিনি বলেন, “স্কুলের বন্ধুরা ভালো আছে?”
ভিডিও কলে ‘ওপর থেকে’ সমস্বরে জবাব আসে- ‘জ্বি প্রধানমন্ত্রী’।
এরপর শেখ হাসিনা তাদের বলেন, তিনিও এই স্কুলেরই ছাত্রী ছিলেন।
“এই স্কুল থেকেই ম্যাট্রিক পাস করেছি। ওখান থেকেই মিছিল নিয়ে আন্দোলন সংগ্রামে গেছি”, বলেন প্রধানমন্ত্রী।
এর আগে রাষ্ট্রপতি ভিডিও কলে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আপনার প্রচেষ্টায় থ্রি-জি চালু হলো। এটা গ্রামের মানুষদের জন্য বিশেষ অবদান রাখবে।”
কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা নতুন যুগে পদার্পণ করতে পারলাম। আমরা বৃদ্ধ হয়ে গেছি। আগামী প্রজন্ম, তার পরের প্রজন্ম এই প্রযুক্তি ব্যবহার করবে।”
কথা শেষ করার আগে শেখ হাসিনাকে রাষ্ট্রপতি বলেন, “আল্লাহ আপনার সহায় হোন।”
থ্রি জির উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রায় ১০ কোটি মানুষের মোবাইল ফোন ব্যবহার করার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আসলে আমরা তো একটু কথা বলতে পছন্দ করি...।”
প্রধানমন্ত্রী থ্রিজি উদ্বোধন করার পর শিশু শিল্পীরা পরীর সাজে নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানের শেষভাগে টেলিটকের থ্রি-জি নিয়ে লেখা গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও বাপ্পা মজুমদার।
এর আগে চীন সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি শিল্পকর্ম উপহার দেন সে দেশের রাষ্ট্রদূত লি জুন। এরপর প্রধানমন্ত্রীকে ক্রেস্ট ও একটি থ্রিজি প্রযুক্তি ব্যবহারযোগ্য একটি মোবাইল সেট উপহার দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন।
প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়ও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮২৫ ঘ.
bdnews24