২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছুটি এগিয়ে এনে হল ত্যাগের নির্দেশ

কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থার প্রেক্ষাপটে দুর্গা পূজা ও ঈদের ছুটি এগিয়ে এনে ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 04:19 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থার প্রেক্ষাপটে দুর্গা পূজা ও ঈদের ছুটি এগিয়ে এনে ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের। শনিবার রাতে বিশ্ববিদ্যালর সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন। তিনি বলেন, রোববার বেলা ১২টার মধ্যে সব ছাত্র-ছাত্রীকে আবাসিক হল ত্যাগ করতে হবে। ৯ নভেম্বর হলগুলো আবার খুলে দেয়া হবে এবং ১০ নভেম্বর থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় গত ৩৫ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্যক্রম কার্যত বন্ধ রয়েছে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহা ও দুর্গা পূজার ছুটি শুরু হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তা শুরু হচ্ছে আরো আট দিন আগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই হল বন্ধের ব্যাপারে সুপারিশ জানানো হয়েছিল। কর্তৃপক্ষ সে অনুযায়ীই সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১০ ঘ.