২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতের হুমকি সাংবাদিকতায় বাধা: টিআইবি

গণমাধ্যম নিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যম নিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার টিআইবির এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, “গত ১০ অক্টোবর সংবাদ সম্মেলনে দেয়া সুরঞ্জিত সেনগুপ্তের হুমকি স্বাধীন সাংবাদিকতা ও অবাধ তথ্যপ্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এ ধরনের অবস্থান একদিকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ও সরকারের নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী।” গত ৯ এপ্রিল রাতে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়। এরপর ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। এ ছাড়া রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হককে বরখাস্ত করা হয়। ওই ঘটনার পর গণমাধ্যমের খবরে বলা হয়েছিল ফারুকের সঙ্গে সেদিন ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেয়া হয়েছিল। ইউসুফ ও এনামুল হক ওই গাড়িতেই ছিলেন। ঘটনার পর থেকে ফারুকের গাড়ি চালক আজম খানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে হাজির হন আজম। সাক্ষাৎকারে আজম দাবি করেন, ফারুকের গাড়িতে আটক অর্থ সুরঞ্জিতের বাড়িতে যাচ্ছিল। তার ওই দাবির পরিপ্রেক্ষিতে গত ১০ অক্টোবর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সুরঞ্জিত সেনগুপ্ত। সেদিন তিনি বলেন, “আমার এবং আমার নিরাপরাধ পরিবারকে রক্ষার জন্য কতিপয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছি।” গণমাধ্যমে প্রচারিত সংবাদে ক্ষতিগ্রস্ত হলে যে কারোরই আইনগত প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে বলে বিবৃতিতে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, “কিন্তু আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পরিবর্তে রেলওয়ের অর্থ কেলেঙ্কারির তথ্য প্রকাশে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের বিরুদ্ধে সুরঞ্জিত সেনগুপ্ত যে বিষোদ্গার করেছেন তা গণতন্ত্রের অপরিহার্য অনুষঙ্গ অবাধ তথ্যপ্রবাহের বিরুদ্ধে উপহাসমূলক অবস্থানের শামিল।” স্বাধীন গণমাধ্যম তথা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী অবস্থান গ্রহণ না করার জন্য সুরঞ্জিত সেনের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সাক্ষাৎকার গ্রহণকারী বেসরকারি চ্যানেল আরটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক বায়েজিদ আহমেদ হুমকির শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তার সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয় ওই বিবৃতিতে। এতে বলা হয়, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, বিশেষ করে সাম্প্রতিককালের বহুল আলোচিত দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সহায়ক তথ্য প্রকাশ করার কারণে- এ ধরনের হুমকির সম্মুখীন হওয়ার ফলে সরকারের প্রতি সংবাদমাধ্যম তথা জনগণের আস্থাহীনতা বাড়বে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/এএল/১৯০৯ ঘ.