ভোলা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় বুধবারের ঘূর্ণিঝড়ে নিখোঁজ আরো চারজনের লাশ পাওয়া গেছে।
শনিবার মনপুরার চর জ্ঞান ও জনতা বাজার থেকে মৃতদেহ চারটি উদ্ধার করেছে স্থানীয়রা।
এর মধ্যে দু’জন হলেন স্থানীয় কালুগাজীতালুক গ্রামের আনিসুলের ছেলে আমির হোসেন (৩৪) ও আন্দিপার গ্রামের মো. কালুর ছেলে মো. রাজিব।
এ নিয়ে ভোলার চরফ্যাশন ও মনপুরায় ১০ জনের লাশ পাওয়া গেল।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওহিদুল ইসলাম শনিবার চারটি লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডুবে যাওয়া সি ট্রাক শহীদ শেখ রাসেল উদ্ধারে হামজা শুক্রবার সন্ধ্যায় মনপুরার দাসের হাটে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায়ও তা উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে ঢালচর ইউপি চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারী ও মনপুরা ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন জানান, মনপুরা ও চরফ্যাশনের ঢালচর, চর কুকরি মুকরি ও চর পাতিলায় এখেনো পাঁচ শতাধিক পরিবার খোলা আকাশের নিচে রয়েছে।
আলাউদ্দিন বলেন, শনিবার তিনি ক্ষতিগ্রস্তদের জন্য জিআর চাল ও নগদ টাকা পেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ১০ কেজি করে চাল ও এক হাজার টাকা করে বিতরণ করেছেন।
বুধবার রাতের ঝড়ে ভোলায় এখনো অন্তত ২৫/৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ে চরফ্যাশন ও মনপুরায় প্রায় এক হাজার চারশ’ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে নোয়াখলীর ও ভোলায় ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। এরমধ্যে রয়েছেন নোয়াখালীতে ১৬ জন এবং ভোলায় ১০ জন। এছাড়া পাঁচ শতাধিক জেলে ও অর্ধশতাধিক মাছধরা নৌকা নিখোঁজ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24