গাইবান্ধা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ীতে এক নারীকে নির্যাতনের পর সালিশ বসিয়ে তাকে গ্রাম ছাড়তে নির্দেশ দিয়েছে স্থানীয় মাতবররা।
বুধ ও বৃহস্পতিবার দুই দফায় নির্যাতিত ওই গৃহবধূ বর্তমানে গাইবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। বেদম মারধরে আহত ওই নারী ওই গ্রামের এক রিকশাচালকের স্ত্রী।
ঘটনা জানার পর ওই নারীর ওপর নির্যাতনে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পলাশবাড়ী থানার উপপরিদর্শক কোরবান আলী।
ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, গত বুধবার রাতে প্রতিবেশী এক যুবক তার বাড়িতে এলে তা নিয়ে ‘অসামাজিক’ কার্যকলাপের অভিযোগ তোলে মাতবররা।
মাতবরদের নাম হিসেবে শেখ সাদি, আলম মিয়া, হাফিজুর রহমান, লিটন মিয়াসহ ১০/১২ জনের নাম বলেন তিনি।
ওই নারী বলেন, রাতেই তাদের দুজনকে পাশের ভগবানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত-পা বেঁধে পেটানো হয়।
বৃহস্পতিবার সকালে সালিশ বসিয়ে তিন দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয় বলে বলে ওই নারী জানান। অন্যদিকে ওই যুবকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খবর পেয়ে ইউনিয়নের গ্রাম পুলিশ আয়নাল হক বৃহস্পতিবার ওই গৃহবধূর হাত-পায়ের বাঁধন খুলে দেন। পরে স্বামী ও ভগ্নিপতি ওই নারীকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান এসআই কোরবান আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৬৪৪ ঘ.
bdnews24