হবিগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার আইনগাঁও এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার সদরঘাট গ্রামের সামসু মিয়া (৫০) ও সুজন মিয়া (৪০)।
নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাসেত জানান, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাস মহাসড়কের আইনগাঁওয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যায়।
এতে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪০০ ঘ.
bdnews24