ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে ছিনতাইকারীর গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
গুলিতে নিহতের নাম হাবিবুর রহমান হাবিব (৫২) ও আহতজন হলেন লিপু (৩৫)।
কদমতলী থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে হাবিবের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় লিপু নামে এক যুবক এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি করে।
লিপুর ভাগ্নে লিটন গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা হাবিবকে মৃত ঘোষণা করেন।
ছিনতাইকারীরা ব্যাগটি ছিনিয়ে নিয়েছেন কিনা বা ব্যাগে কত টাকা ছিলো তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি ওসি।
তিনি বলেন, গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতা মোস্তাফা (৩০) নামে এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
নিহত হাবিব আওয়ামী লীগ নেতা ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের প্রতিষ্ঠান ‘মদিনা গ্রুপের’ সেলস প্রমোশন অফিসার বলে তিনি জানান।
হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী আরিফ হোসেন বিডিনিজউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাবিবের সঙ্গে থাকা টাকার ব্যাগটি পাওয়া যায়নি। ব্যাগে ২০ থেকে ৩০ টাকা ছিল বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২১৪৪ ঘ.
bdnews24