চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামু ও পটিয়াতে বৌদ্ধ বসতিতে হামলা, মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের পর চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম নগর পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর বড় মন্দিরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি টহল জোরদার করা করেছে পুলিশ।
নগরীতে কোন বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
নগরে নন্দনকানন বৌদ্ধ বিহার, কাতালগঞ্জ বৌদ্ধ বিহার, পাথরঘাটা, দেবপাহাড় এবং চান্দগাঁও বৌদ্ধ বিহারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া, অন্যান্য মন্দিরে পুলিশি টহল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারের রামু উপজেলায় কোরআন শরীফ অবমাননার অভিযোগ এনে শনিবার রাতে বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় উগ্রবাদীরা। কমপক্ষে ৭টি বৌদ্ধ মন্দিরসহ ৭০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে, রামুর পর চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও গ্রামে রোববার দুপুরে লাখাড়া অভয় বৌদ্ধ বিহার, কোলাগাঁও রতœাংকুর বৌদ্ধ বিহার, কোলাগাঁও নবারুণ সংঘ দুর্গা মন্দির ও জেলে পাড়া মাতৃ মন্দিরে হামলা চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/২১৩৪ ঘ.
bdnews24