২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমির শিবিরে উল্লাস

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ১০২ কেন্দ্রের মধ্যে ৯০টির প্রাথমিক ফলে প্রায় ৩৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি। এরই মধ্যে তার সমর্থকরা শুরু করেছেন উল্লাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ১০২ কেন্দ্রের মধ্যে ৯০টির প্রাথমিক ফলে প্রায় ৩৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি। এরই মধ্যে তার সমর্থকরা শুরু করেছেন উল্লাস। সন্ধ্যা পৌনে ৬টায় কাপাসিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাসান্জুামান প্রাথমিক ফল ঘোষণা শুরু করেন। ৯০টি কেন্দ্রে রিমি পেয়েছেন ৫৫১৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান পেয়েছেন ২২৩৫৫ ও আসাদুল¬াহ বাদলের ভোট ১২৬১। এদিকে কাপাসিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হওয়া রিমি সমর্থকরা সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই বিজয় উল্লাস শুরু করেছেন। প্রতিটি কেন্দ্রের ফল আসার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য এই আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়েন তারই বড় বোন সিমিন হোসেন রিমি। রিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তার চাচা এবং সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান। এ ছাড়া কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে লড়েন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল। তবে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। ভোট শেষে সিমিন হোসেন রিমি যেকোনো ফল মেনে নেয়ার ঘোষণা দিলেও স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। এ নির্বাচনে ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন ভোটারের মধ্যে ৩৫ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশনের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসআই/এএইচএ/এএল/১৯৫৭ ঘ.