ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সুবহানের বিরুদ্ধে ৪ নভেম্বর তদন্তের অগ্রতি প্রতিবেদন দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রোববার এ আদেশ দেয়। ৪ নভেম্বর সুবহানকেও ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়।
এদিকে সুবহানের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন। সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মাওলানা সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই রাতেই তাকে পাবনা কারাগারে নেয়া হয়। এরপর ২০০৩ সালের একটি লুটপাটের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই জামায়াত নেতাকে।
এরপর ট্রাইব্যুনালের প্রসিকিউশন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবদুস সুবহানকে আটক করার আদেশ চাইলে ট্রাইব্যুনোল গত ২৩ সেপ্টেম্বর তাকে হাজির করার জন্য রোববার দিন রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩৪২ ঘ.
bdnews24