সাতক্ষীরা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রোববার স্কুল চলাকালে এক শিক্ষক দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন।
নিহত মিজানুর রহমান (৪২) হাবিবপুর ৪৮ নম্বর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার হাবিবপুর গ্রামের শেখ আব্বাস উদ্দিনের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় আসাদুজ্জামান বাবু (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাবিবপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সাংবাদিকদের বলেন, মিজানুর রহমান সকাল ১১টার দিকে ক্লাস করে বাইরে যান। কিছুক্ষণ পর তিনি রক্তাক্ত অবস্থায় স্কুলে ছুটে এসে বাঁচানোর আকুতি জানান।
“ওই সময় মিজানুর বলেন- স্কুলের বাইরে গেলে বাবু নামের এক সন্ত্রাসী তাকে কুপিয়ে চলে যায়,” বলেন প্রথান শিক্ষক।
এরপর শ্যামনগর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানেন না বলে জানান প্রধান শিক্ষক।
শ্যামনগর থানার ওসি আমির তৈমুর-ইলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24