ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন যুগান্তর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও নির্বাহী সম্পাদক সাইফুল আলম।
রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান ওই দুজনকে মামলা থেকে অব্যাহিত দেন।
গত বছরের ৬ জুলাই ইউনিয়ন গ্রুপের চেয়ারম্যান রানা শফিউল্লাহ মানহানির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদলতে মামলাটি দায়ের করেছিলেন।
বাদি তার মামলার আরজিতে উল্লেখ করেন, যুগান্তর পত্রিকায় গত বছরের ২০ জুলাই ‘চোরাই মদ বিক্রি করে টোকাই থেকে কোটিপতি, রানার অবৈধ সম্পদের সন্ধানে দুদক: হিসাব চেয়ে নোটিশ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এ সংবাদটি প্রকাশের ফলে রানা শফিউল্লাহর মানহানি হয়েছে।
অপরদিকে, আদালতে যুগান্তরের পক্ষে আইনজীবী আবদুল বারী, আনোয়ারুল কবীর বাবুল প্রমুখ সম্পাদক ও প্রকাশক এবং নির্বাহী সম্পাদকের অব্যাহিতি চেয়ে শুনানিতে বলেন, যুগান্তরে প্রকাশিত ওই সংবাদটি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও তথ্য উপাত্ত সমৃদ্ধ। দুদকের নোটিশের প্রেক্ষিতেই এই সংবাদটি প্রকাশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১৮১০ ঘ.
bdnews24