২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুকাণ্ডের হোতাদের ‘চিহ্নিত করা হয়েছে’

একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থানীয় নেতাদের উপস্থিতিতে বৌদ্ধ বসতিতে হামলা হয় বলে তথ্যমন্ত্রী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ বসতিতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যমূলক মন্তব্য করে দোষীদের প্রাথমিকভাবে চিহ্নিত করার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “এটা কোনো সাম্প্রদায়িক বা হানাহানির ঘটনা নয়। এটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও সুপরিকল্পিত একটি ঘটনা।” “বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জড়িত একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে গুজব ছড়িয়ে এ ঘটনা ঘটিয়েছে। ওই গোষ্ঠীর স্থানীয় কয়েকজন শীর্ষ নেতা ঘটনাস্থলে উপস্থিত থেকে এটা ঘটান। তাদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।” এ ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে রামুতে বৌদ্ধবসতিতে রাতভর তা-ব চালায় র্ধর্মীয় উগ্রপন্থীরা। রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। রামুর ওই ঘটনা সম্পর্কে সরকারের অবস্থান ও ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করতে রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে উপস্থিত হন তথ্যমন্ত্রী। তিনি জানান, রামুতে ক্ষতিগ্রস্ত মন্দির ও বসতবাড়ি সরকারের অর্থে পুনর্র্নিমাণ করে দেওয়া হবে। মন্ত্রী বলেন, “র‌্যাব ও বিজিবির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী ঘটনাস্থলে রয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি ইতোমধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।” গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ধারাবাহিক অপপ্রচার ও গুজব ছড়িয়ে গোটা দেশেই অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। তারা পুরো পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সানজিদা খানমও এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/১৭২০ ঘ.