ঢাকা, সেপ্টেম্বর ৩০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অভিযোগ করা হয় ছাত্রীদের উপর ছাত্রগীল ও সরকারের মদদপুষ্ট কলেজ কর্মচারিরা এ হামলা চালায়।
এ মানববন্ধনে তাদের বিরুদ্ধে বিচারেরও দাবি করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘ এই সরকার নির্লজ্জ সরকার। তারা ছাত্রীদের ওপর হামলা করতেও কুন্ঠাবোধ করে না। আগামীতে ক্ষমতা গেলে ইডেনে ছাত্রীদের ওপর ওই হামলার সুষ্ঠু বিচার করবে।’’
তিনি আরো বলেন, ‘‘ আপনাদের সময় শেষ হয়ে গেছে। ফুটবল খেলার ম্যাচে যেমন শেষ দিকে খেলোয়াড় বদল করা হয়, এই সরকার মহীউদ্দীন খান আলমগীর, হাসানুল হক ইনুকে মন্ত্রিসভা অন্তভুর্ক্ত করে জনগণকে বিভ্রান্ত করছে। এতে কোনো লাভ হবে না।’’
‘‘ দেশের মানুষ আর এই সরকারের ওপর কোনো আস্থা নেই।’’
ইডেন কলেজের ছাত্রদল নেত্রী সেলিনা সুলতানা নিশিতার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বিএনপি দলীয় সাংসদ সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া, নীলউফার চৌধুরী মনি,সাবেক সাংসদ হেলেন জেরিন খান, মহানগর দক্ষিন ছাত্র দলের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম প্রমূখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএস/১৭০৫ ঘ.
bdnews24