মঈনুল হক চৌধুরী, শহীদুল ইসলাম,
আশিক হোসেন ও আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়েছে।
এই নির্বাচনে সারাদিনে মাত্র ৩৫ শতাংশ ভোট পড়ে থাকতে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। সারাদিনই উপস্থিতি কম থাকায় ৩৫ শতাংশের মতো ভোট পড়ে থাকতে পারে।
“এ পর্যন্ত যে খবর পেয়েছি- কোথাও কোথাও ২০-২৫ শতাংশ, কোথাও ৩০ শতাংশ, কোথাও ৩৫-৪০ শতাংশ ভোট পড়েছে। সব মিলিয়ে গড়ে ৩৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে।”
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নন বলে জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা নিয়েছি। কিন্তু ভোটারদের আগ্রহ-উদ্দীপনা কম ছিল। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না; প্রার্থীদের সঙ্গেও জনসম্পৃক্ততা কম- এজন্য ভোটের হারও কম হবে।”
উপ নির্বাচনে ভোটের হার ‘কমই হয়’- এমন মন্তব্য করে তিনি বলেন, সংসদ নির্বাচনের পর শূণ্য আসনের (সংসদ নেতা, বিরোধী দলীয় নেতাদের ছেড়ে দেওয়া আসন) উপ নির্বাচনে ২৬ শতাংশ ভোট পড়ারও রেকর্ড রয়েছে।
তিনি জানান, নির্বাচনী এলাকার কোথাও কোনো গোলোযোগ ঘটেনি।
তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে লড়েন তারই বড় বোন সিমিন হোসেন রিমি।
রিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তারই চাচা এবং সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান। এছাড়া কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে লড়েন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল।
তবে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
কাপাসিয়ার ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন ভোটার এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে তাদের প্রতিনিধিকে বেছে নেবেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত সিমিন হোসেন রিমি সকাল ৯টা ১০ এ দরদরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, পরিস্থিতি দেখে ভোট সুষ্ঠু হচ্ছে বলেই তার মনে হয়েছে।
দিন শেষে ফল যেমনই আসুক, তা মেনে নেবেন বলেও জানান রিমি।
রিমির চাচা, স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনও দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি অভিযোগ করেন, সরকার দলীয় কর্মীরা তাদের ভোটার ও এজেন্টদের হুমকি দিয়েছে।
ভোট শেষ হওয়ার আগে রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, প্রহসনের এই নির্বাচন তিনি প্রত্যাখ্যান করছেন।
“এই প্রহসনের নির্বাচনের ফল আমি মেনে নিতে পারি না। জাল ভোট দিয়ে পাতানো নির্বাচন মেনে নেয়ার মতো নয়।”
সারাদিন ভোটকেন্দ্রে উপস্থিতি কম থাকলেও দুপুরের পর ‘কেন্দ্র দখল করে’ নৌকার পক্ষে সিল দেয়া হয় বলে চিঠিতে অভিযোগ করেন তিনি।
অপর প্রার্থী আসাদুল্লাহ বাদল ভোট দেন কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ভিটার টেক সাবেদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে।
নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ জন করে সদস্য রয়েছেন। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৩ হাজার ৪৮২ জন সদস্য এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন বলে জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন জানান।
ফলাফল ঘোষণা করা হবে কাপাসিয়া উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে। একইসঙ্গে গাজীপুর জেলা প্রশাসকের ‘ভাওয়াল মিলনায়তন’ কক্ষে বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকেও ভোটের ফল ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬২০ ঘ.
bdnews24