পঞ্চগড়, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতকরা ১০ ভাগ কমিশনের দাবিতে পঞ্চগড়ে মোবাইল ফোনের একাউন্ট রিচার্জ বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
শনিবার সন্ধ্যায় জেলা শহরের শেরেবাংলা পার্কে এক প্রতিবাদ সমাবেশে জেলা মোবাইল রিচার্জ এসোসিয়েশন দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
তাদের এ কর্মসূচির ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে সিটিসেল ও টেলিটক রিচার্জে শতকরা ৩ টাকা এবং অন্য অপারেটররা শতকরা ২ টাকা ৭৫ পয়সা কমিশন দেয়। দীর্ঘদিন ধরে তারা কমিশন বাড়ানোর দাবি করলেও কোনো অপারেটরই সাড়া দেয়নি।
এ জেলার প্রায় এক হাজার রিচার্জ ব্যবসায়ী একযোগে এ কর্মসূচি পালন করছে।
শহরের সিনেমা হল রোডের এইচএস মোবাইল ও কম্পিউটার সেন্টারের মালিক হাকিমুল ইসলাম বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এত কম কমিশনে দোকান ভাড়া ও কর্মচারীর বেতন দিয়ে লাভ বলতে গেলে কিছুই থাকে না। কমিশন না বাড়ালে ব্যবসা টিকিয়ে রাখাই অসম্ভব হয়ে পড়বে।
জেলা মোবাইল রিচার্জ এসোসিয়েশনের আহবায়ক আতাউর রহমান বলেন, ন্যূনতম কমিশনে আমরা গ্রাহকদের সেবা দিয়ে আসছি। কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা কামালেও রিচার্জে কমিশন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। এজন্য দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩০ ঘ.
bdnews24