২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেলের কাজ এ বছরই শুরুর আশা মন্ত্রীর

চলতি অর্থ বছরের শেষ নাগাদ ঢাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 09:14 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থ বছরের শেষ নাগাদ ঢাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার নগরভবনে ঢাকা পরিবহন সমন্বয় কৃর্তপক্ষের পরিচালনা পরিষদের প্রথম সভায় ওবায়দুল কাদের বলেন, সাড়ে ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পের জন্য জাপানি দাতা সংস্থা জাইকার সঙ্গে শিগগিরই ঋণের বিষয়ে আলোচনা (লোন নেগোশিয়েশন) হবে। মন্ত্রী জানান, মেট্রোরেল প্রকল্পের রুট উত্তরা শুরু হয়ে পল্লবী-রোকেয়া স্মরণি-খামারবাড়ি-ফার্মগেট- শাহবাগ- দোয়েল চত্বর- তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে শেষ হবে। ২০ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল রুটে ১৬টি স্টেশন থাকবে। ইতোমধ্যে মেট্রোরেল স্থাপনে সরকার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নামে একটি নতুন আইন প্রণয়ন করেছে। গত ৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এ আইন পাশ হয়। গত ৯ ফেব্রুয়ারি মেট্রোরেল প্রকল্পের সাংগঠনিক কাঠামো (এসপিও) অনুমোদন করে মন্ত্রিসভা। এছাড়া জয়দেবপুর থেকে বিমানবন্দর এবং বিমান বন্দর থেকে সদরঘাট বাস র‌্যাপিড ট্রানজিট এর দুটি প্রকল্প শুরু করতে প্রয়োজনীয় উদ্যেগ নেয়া হচ্ছে বলেও যোগোযোগমন্ত্রী জানান। সভা নিয়ে মন্ত্রীর ক্ষোভ নগরভবনে ঢাকা পরিবহন সমন্বয় র্কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের প্রথম সভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী। ৩২ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের বেশিরভাগ সদস্যই অনুপস্থিত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “দায়সারা মিটিং করতে চাই না, সদস্যরা উপস্থিত না হয়ে প্রতিনিধিদের পাঠাচ্ছেন। ঘরে বসে এ ধরনের মিটিং করার প্রয়োজন নেই।” দুর্ঘটনা ও যানজটের মতো বিষয়গুলো যোগাযোগ মন্ত্রণালয়ের একার পক্ষে সমন্বয় করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, সমন্বিত লড়াই ছাড়া দুর্ঘটনা ও যানজটের বিরুদ্ধে জেতা যাবে না। তিনি বলেন, “এসব মিটিং করে কী হবে, এ ধরনের মিটিং ডাকবেন না, এর চেয়ে তিনটি রাস্তা দেখব তাও ভাল।” অন্তত প্রথম সভায় সব সদস্যের উপস্থিত থাকা উচিৎ ছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। সভায় তিনজন সচিব উপস্থিত থাকলেও অন্যান্য সচিবের চেয়ার ছিল খালি। এছাড়া অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত না হয়ে সভায় তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/জেকে/১৫০৬ ঘ.