ঢাকা, সেপ্টেম্ব ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন তার কর্মীদের বাধা দেয়ার অভিযোগ আনলেও ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
রোববার সকালে ভোট দেয়ার পর এ নির্বাচনের প্রধান দুই প্রার্থী তাদের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান।
আফসার উদ্দিনের অভিযোগ, এ নির্বাচন প্রহসনে রূপ নিচ্ছে। তবে তার অভিযোগ অস্বীকার করে রিমি বলেছেন, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। নিজের জয়ের বিষয়েও তিনি আশাবাদী।
তবে এ নির্বাচনের অপর প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল ভোট দিয়ে দুপুর পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
সকালে দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আফসার উদ্দিন ও সিমিন হোসেন রিমি।
সকাল ৮টা ২০ মিনিটে ভোট দিয়ে আফসার সাংবাদিকদের বলেন, “গত রাত থেকে আমার এজেন্টদের কেন্দ্রে আসতে ভয়ভীতি দেখানো হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না।”
এই ভোট ‘প্রহসনের দিকে’ যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
“আমার এজেন্টদের ঢুকতে দিচ্ছে না। প্রহসনের নির্বাচন হলে ভোটের ফল মানব কী করে?,” বলেন তিনি।
সকাল ৯টার ১০ এ একই কেন্দ্রে ভোট দিতে এসে সিমিন হোসেন রিমি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চাচা আফসারের সব অভিযোগও অস্বীকার করেন তিনি।
“ভোটের পরিবেশ ভালো। ভোট নিয়ে প্রথম থেকে তিনি (আফসার) অভিযোগ করে আসছেন। শুরু থেকেই একই কথা বলছেন।,” বলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের মেয়ে।
নির্বাচনের ‘যে কোনো ফল’ মেনে নিতে প্রস্তুত বলেও রিমি উল্লেখ করেন।
তিনি বলেন, “প্রথম দিকে ভোটারের উপস্থিতি কম। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হারও বাড়বে আশা করি। আমি জয়ীও হবো ইনশাহ আল্লাহ।”
অপর প্রার্থী বাদল ভোট দেন ভিকারটেক সাবেদিয়া দাখিল মাদ্রাসায়।
বেশ কয়কেটি কেন্দ্র পরিদর্শন করে পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।
ভোটারের উপস্থিতি কম হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, উপনির্বাচন বলে ভোটারের আগ্রহ ‘কিছুটা কম’।
“গত রাতে এজেন্ট নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থীর (আফসার) অভিযোগ পেয়েছি। সঙ্গে সঙ্গে এ বিষয়ে খবর নেওয়া হয়েছে। তবে কোথাও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি”, বলেন রিটার্নিং কর্মকর্তা।
উপস্থিতি খুবই কম
রায়নন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাওনাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়, ভিকারটেক ছাবেদিয়া দাখিল মাদ্রাসা, রায়েদ ইউনিয়নের দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি খুবই কম দেখা গেছে।
রায়নন্দা প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার তিন হাজার ৩৭০ জন। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ভোট দিয়েছে মাত্র সাত জন।
প্রিজাইডিং কর্মকর্তা মোবারক হোসেন জানান, ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।
রাওনাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮০১ জন ভোটারের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে দুইশটি। প্রিজাইডিং অফিসার জাফর ইকবাল এ তথ্য জানান।
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস জানান, বেলা পৌনে ১২টা পর্যন্ত পাঁচশ’র মতো ভোট পড়েছে। এ কেন্দ্রে ভোট রয়েছে তিন হাজার ৭৭৮টি।
এসব কেন্দ্রে বেলার ১১টা বাজতেই সবকটি বুথ ছিল ভোটারশূন্য। কেন্দ্রগুলোর সামনে আইন শৃঙ্খলাবাহিনী, পর্যবেক্ষক, নির্বাচনী কর্মকর্তা- কর্মচারী ও কিছু উৎসুক লোক ছাড়া ভোটার ছিল না বললেই চলে।
বেলা ১২টায় বৃষ্টি শুরুর পর কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা হয়ে যায়।
নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপ, ব্রতীর একাধিক সদস্য নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের কথা বললেও ভোটার উপস্থিতি খবুই নগণ্য বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এএইচএ/এএইচ/জেকে/১২২৫ ঘ.
bdnews24