ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্ট।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফ্রন্ট এ ঘোষণা দেয়।
তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩০ সেপ্টেম্বর উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিল-সমাবেশ, ৩ অক্টোবর সরকারের কাছে আনুষ্ঠানিক পত্র প্রদান, ৫ অক্টোবর কেন্দ্রীয়ভাবে ও প্রতি জেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, ৯ অক্টোবর ঢাকায় ‘শিক্ষা জাতীয়করণ অপরিহার্য ও বাস্তবায়নযোগ্য’ শীর্ষক সেমিনারের আয়োজন, ১১ অক্টোবর প্রতি জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা।
দীর্ঘ দিন ধরে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সাতটি সুপারিশ বাস্তবায়নের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্ট।
তাদের দাবির মধ্যে রয়েছে- শিক্ষানীতি ২০১০ এর আলোকে স্থায়ী শিক্ষা কমিশন ও বেসরকারি শিক্ষক নিয়োগে স্বতন্ত্র কমিশন গঠন, সব শিক্ষকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা প্রদান ও সরকারি শিক্ষক-কর্মচারিদের মতো তাদের জন্যও বাড়ি ভাড়া বাবদ অর্থ বরাদ্দ, পূর্ণ উৎসব ভাতা ও পেনশন, পদোন্নতি এবং টাইম স্কেল চালু করা, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা।
এছাড়া শিক্ষার মান উন্নয়নে ফ্রন্টের সাত দফা সুপারিশমালার মধ্যে আছে- শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান উন্নয়ন পর্যবেক্ষণ, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পদ্ধতির সংস্কার, শিক্ষার্থীদের পাঠ্যক্রম ও শিক্ষকদের শিক্ষণক্রম প্রণয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার স¤প্রসারণে ক্রমান্বয়ে বরাদ্দ বাড়ানো, সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা সিলেবাস যুগোপযোগীকরণ, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের দুপুরে গরম খাবারের ব্যবস্থা এবং কাগজ, পেন্সিলসহ শিক্ষা উপকরণের দাম কমানো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি এম এ সাত্তার, সংযুক্ত শিক্ষক পরিষদের মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী শিক্ষক পরিষদের আহ্বায়ক এম এ মান্নান ও ইব্রাহিম খলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/২২০৮ ঘ.
bdnews24