২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল বইয়ের পসরায় ‘বাতিঘর’ এর নবযাত্রা

চট্টগ্রামের সবচেয়ে বড় সৃজনশীল বই বিপণী কেন্দ্র ‘বাতিঘর’ এবার বিপুল বইয়ের সম্ভার নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সবচেয়ে বড় সৃজনশীল বই বিপণী কেন্দ্র ‘বাতিঘর’ এবার বিপুল বইয়ের সম্ভার নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। শনিবার নগরীর চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের নিচতলায় বই বিপণী কেন্দ্রটির উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ছয় বছর আগে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বাতিঘর নামে বইয়ের দোকানটি প্রতিষ্ঠিত হলেও সুবিশাল পরিসরে চট্টগ্রাম প্রেসক্লাবের নিচতলায় নতুনভাবে দ্বিতীয় এ শাখার উদ্বোধন করা হল। নতুন সাজে ও ডিজাইনে চালু করা এ বইয়ের দোকানটি চট্টগ্রামের সর্ববৃহৎ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যধাপক ড. জামাল নজরুল ইসলাম, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, কবি-সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, কবি বিশ্বজিৎ চৌধুরী, বাতিঘরের স্বত্বাধীকারী দীপংকর দাশ। এসময় বিপুল সংখ্যক সাহিত্য অনুরাগী উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “পুঁজিবাদী সভ্যতা অর্থকে একমাত্র এগিয়ে যাওয়ার শর্ত হিসেবে নির্ধারণ করছে। এই বিশাল আগ্রাসনের বিরুদ্ধে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। বর্বরতা ও লোভের বিরুদ্ধে মানবিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। এজন্য চিন্তা-চেতনার জগতকে সমৃদ্ধ করতে হবে।” তিনি আরো বলেন, পাঠ্যবই মানেই টাকার পেছনে ছোটা। এসব টাকা অর্জনের লক্ষ্যের বিরুদ্ধে বই পড়ার কর্মসূচি দিয়ে হƒদয় জাগিয়ে তুলতে হবে। এজন্য দেশের সব জায়গায় বইয়ের দোকান করতে হবে। কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘বাতিঘর’ পাঁচ বছর আগে চট্টগ্রামে যাত্রা শুরু করেছিল। এখন তার দ্বিতীয় শাখা হলো। কিন্তু মূলের চেয়েও শাখা বড় হয়ে গেছে। বই বিপণীর ক্ষেত্রে বাতিঘর একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সুপরিসর জায়গা নিয়ে বিভিন্ন বিষয়ের বইয়ে সমৃদ্ধ ‘বাতিঘর’ এর ভেতরের সাজ-সজ্জা করেছেন চিত্রশিল্পী শাহীনূর রহমান। বাতিঘর নামের সাথে সঙ্গতি রেখে একটি জাহাজের আদলে এর ডিজাইন করা হয়েছে। এর স্বত্বাধিকারী দীপংকর দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক হাজার ৬৪২ বর্গফুটের এ দোকানে বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশের এক লাখেরও বেশি বই রয়েছে, যেখান থেকে পাঠক বা বইয়ের ক্রেতারা সহজেই তাদের পছন্দের বইটি সংগ্রহ করতে পারবেন। তিনি জানান, দোকানে দেশের শীর্ষস্থানীয় পাঁচটি প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়ের জন্য আলাদা সেলফও রাখা হয়েছে। এই দোকান থেকে পাঠ্যবই ছাড়ও সবধরনের বইয়ের চাহিদা মেটানো যাবে বলে প্রত্যাশা দীপংকর দাশের। এছাড়া এতে পাঠক-লেখকদের আড্ডার জন্য আলাদা জায়গাও রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০১৬ ঘ.