তাবারুল হক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সংকটের অজুহাত দিয়ে চট্টগ্রামে সিএনজি চালিত যানবাহন বাড়তি ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
অবশ্য সিএনজি চালিত অটো রিকশা চালকরা বলছেন, রি-ফুয়েলিং স্টেশনে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর গ্যাস মিললেও এতে অনেক সময় নষ্ট হচ্ছে। তাই তাদের ক্ষতি না পোষানোয় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে হচ্ছে।
এদিকে বারবার চেষ্টা করেও চট্টগ্রামে সিএনজি চালিত অটো রিকশা মিটারে চালাতে সক্ষম হচ্ছে না ট্রাফিক বিভাগ। এই সুযোগে অনেক ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করছে অটো রিকশা চালকরা।
নগরীর খুলশী এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অলংকার এলাকা থেকে নিউ মার্কেটের দূরত্ব সর্বোচ্চ ১০ কিলোমিটার। অটো রিকশায় এটুকু পথ বর্তমানে ১০০ থেকে ১৫০ টাকার কমে যাওয়া যাচ্ছে না। অথচ এক মাস আগেও ৬০/৭০ টাকা ভাড়ায় সেখানে যাওয়া যেত।
আরেক যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তিনি দুই সপ্তাহ আগেও সিএনজি অটো রিকশায় বন্দর থানার সল্টগোলা থেকে ৮০ টাকা ভাড়ায় জিইসি এলাকায় যেতে পেরেছেন।
আর বৃহস্পতিবার একই পথ যেতে তাকে দেড়শ টাকা দিতে হয়েছে বলে জানান তিনি।
সড়কে দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো অটো রিকশা পাওয়া গেলেও চালকদের চাহিদা মতো ভাড়া না দিয়ে উপায় নেই বলে অভিযোগ জাহাঙ্গীর ও আনোয়ারের।
যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ সম্পর্কে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওনার অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে চট্টগ্রামে সিএনজি চালিত গাড়ির ভাড়া বেড়ে গেছে।
এর কারণ হিসাবে তিনি যুক্তি দেখান যে, সরকার শুধু চট্টগ্রামের ৫৪টি রি-ফুয়েলিং স্টেশন অন্যান্য স্থানের চেয়ে দুই ঘন্টা সময় বেশি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০ টার পর ওই সব রি-ফুয়েলিং স্টেশনে গ্যাসের চাপ কমে যায়। এতে গাড়িতে গ্যাস সরবরাহ করতে মারাত্মক সমস্যা হচ্ছে।
আমজাদ হোসেন এও দাবি করেন, চট্টগ্রামের প্রতিটি সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে প্রতিদিন গড়ে দুইশ’র মতো গাড়ি গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলেই গ্যাস নিয়ে রাস্তায় নেমে যাত্রীদের কাছ থেকে চালকদের দ্বিগুণ ভাড়া আদায় করতে হচ্ছে।
নগরীর বড় দিঘীরপাড় এলাকার চিশতিয়া সিএনজি রি-ফুয়েলিং অ্যান্ড কনভারশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদ-উল-আলম বলেন, “ঘন্টার পর ঘন্টা রি- ফুয়েলিং স্টেশনে অপেক্ষা করে অটো রিকশায় গ্যাস নিয়ে যাত্রীদের কাছ থেকে চালকরা আগের তুলনায় দ্বিগুণ ভাড়া নিচ্ছে।”
গত ১০ সেপ্টেম্বর থেকে সরকারের সিদ্ধান্তে বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শুধু চট্টগ্রামের রি-ফুয়েলিং স্টেশনগুলো দুই ঘন্টা বেশি বন্ধ রাখতে হচ্ছে। বর্তমানে সারাদেশে বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে বলে তিনি জানান।
অটো রিকশা চালকদের অভিযোগ, অধিকাংশ চালকরা মালিকদের কাছ থেকে দৈনিক ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকায় ভাড়া নিয়ে ওই সব সিএনজি চালিত অটো রিকশায় যাত্রী পরিবহন করে থাকে। গাড়ি নিয়ে বসে থাকলেও প্রতিদিনের নির্ধারিত এই ভাড়া থেকে মালিকদের কম দেওয়া যায়না।
অটো রিকশা চালক মো. তারেক মিয়া বলেন, “গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা রি-ফুয়েলিং স্টেশনে লাইনে অপেক্ষা করতে হয়। এতে সময় ব্যয়ের কারণে আগের চেয়ে প্রতিদিন ট্রিপ কম হচ্ছে। তাই যাত্রীদের কাছ থেকে বেশি টাকা ভাড়া নিয়ে ক্ষতি পোষানোর চেষ্টা করা হয়।”
একই সাথে অন্যান্য গণপরিহণও (সিএনজি চালিত) রি-ফুয়েলিং স্টেশন থেকে গ্যাস পেতে বেশি সময় ব্যয় হওয়ার কথা বলে নির্ধারিত ভাড়ার চেয়ে ২/৩ টাকা বেশি আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
একাধিক যাত্রী জানান, ওই সব সিএনজি চালিত পরিবহনে (রাইডার, মিনিবাস, অটো টেম্পো) নগরীর নিউমার্কেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত নির্ধারিত ভাড়াআট টাকার স্থলে আদায় করা হচ্ছে ১০ টাকা। বহদ্দারহাট থেকে আগ্রাবাদ পর্যন্ত সাত টাকার ভাড়া স্থলে আদায় করা হচ্ছে ১০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/১৮২৪ ঘ.
bdnews24