শেরপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা পাহাড়ি ঢলে শেরপুর সদরের সাতটি ইউনিয়নের একশ’রও বেশি গ্রামে প্রবল বন্যা দেখা দিয়েছে।
এসব গ্রামের প্রায় একলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকায় ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেছে।
শেরপুর-জামালপুর সড়কের পোড়া দেকান এলাকায় কজওয়ে দিয়ে প্রবলবেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।
প্লাবিত ইউনিয়নগুলো হল কামারের চর, চর মোচারিয়া, চরপক্ষীমারী, বলাইর চর, রৌহা, বেতমারী ও ঘুঘুরাকান্দি।
স্থানীয়রা জানিয়েছেন, এসব ইউনিয়নের শতাধিক গ্রামের এক লাখেরও বেশি পানিবন্দি মানুষ মানবেতর জীবনযাপন করছে। ধান, বেগুন ও মরিচের ক্ষেতসহ অন্যান্য সবজির মাঠ পানিতে তলিয়ে গেছে।
গ্রামীণ রাস্তাঘাট ডুবে যাওয়ায় মানুষজন কলার ভেলায়, ডিঙি নৌকা এবং স্যালো ইঞ্জিনচালিত নৌকায় যাতায়াত করছে।
বন্যার পানি প্রবেশ করায় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়সহ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
গোয়ালপাড়া ও ডাকাতের গোপ গ্রামের কৃষক ইস্রাফিল, মো. শামীম ও জুবায়দুল বলেন, হাজার হাজার টাকা খরচ করে তারা করা বেগুন ও মরিচের ক্ষেত এখন পানির নিচে।
গেয়ালপাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ বলেন, বিদ্যালয়ে পানি প্রবেশ করায় এবং রাস্তাঘাট পারি নিচে থাকায় বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শনিবার দুপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যায় চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সাহায্য চেয়েছেন সরকারের কাছে, বলেন ভাই চেয়ারম্যান।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৫ ঘ.
bdnews24