লাবলু আনসার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফাজলে রশীদ আর নেই।
শুক্রবার বেলা পৌনে ৩টায় (বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে ১টা) যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফি ভিউ সাউথডেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ফাজলের রশীদের বয়স হয়েছিল ৭৪ বছর। নিউ নেশনের সাবেক এই সম্পাদক গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছিলেন।
ফাজলে রশীদের মৃত্যুতে নিউ ইয়র্কের সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।
বিরোধী দলের নেতা খালেদা জিয়াও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রয়াত এই সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর সংবাদ জানিয়ে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাজলে রশীদকে মিনেসোটায়ই দাফন করা হবে।
ফাজলে রশীদ স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মেয়ের বাড়ি মিনেসোটায়, ছেলে থাকেন অস্ট্রেলিয়ায়।
মাহফুজুর রহমান জানান, বাবা অসুস্থ হওয়ার খবর শুনে অষ্ট্রেলিয়া প্রবাসী ছেলেও কদিন আগে মিনেসোটায় আসেন।
কয়েক বছর আগে ফাজলে রশীদ ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে এসে নিউ ইয়র্কে থাকছিলেন। দুই বছর আগে তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের ইগান সিটিতে একমাত্র মেয়ে ফাবিয়া রশীদের বাসায় চলে যান।
হৃদরোগের পাশাপাশি কিডনি সংক্রান্ত জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন ফাজলে রশীদ।
বাংলাদেশ অবজারভারে কাজের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেছিলেন ফাজলে রশীদ। এই সংবাদপত্রের নগর সম্পাদক ছিলেন তিনি।
এরপর তিনি মর্নিং সানের নির্বাহী সম্পাদক, মর্নিং নিউজের সম্পাদক ও নিউ নেশনের সম্পাদকের দায়িত্ব পালন করেন। জীবনের শেষ দিনগুলোতে নিউ ইয়র্কের পত্রিকায় কলাম লিখতেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৫৫ ঘ.
bdnews24