২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ‘চরমপন্থীকে’ গুলি করে হত্যা

অভ্যন্তরীণ কোন্দলের জেরে খুলনার ফুলতলায় প্রতিপক্ষের লোকজন গুলি করে ও কুপিয়ে এক ‘চরমপন্থীকে’ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

খুলনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের জেরে খুলনার ফুলতলায় প্রতিপক্ষের লোকজন গুলি করে ও কুপিয়ে এক ‘চরমপন্থীকে’ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দামোদরের শিবপাশারডাঙ্গা গ্রামে এ হামলায় নিহত হন মুকুল হোসেন (২৭)। তিনি ওই গ্রামের সৈয়দ মফিজুর রহমানের ছেলে। ফুলতলা থানার ওসি ইলিয়াস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুকুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) সদস্য হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, চাঁদাবাজিসহ অর্ধ ডজন মামলা রয়েছে। দুই মাস আগে মুকুল জামিনে জেল থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, সন্ধ্যায় দলের কয়েকজনের সঙ্গে মুকুল গ্রামের আবুল খায়েরের বাড়ির বাগানে ছিলেন। রাত পৌনে ১০টায় বাগান থেকে গুলির শব্দ পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে। “ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। তার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের দাগ রয়েছে,” বলেন তিনি। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৫ ঘ.