চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট-মহাজোটের বাইরে বাম গণতান্ত্রিক ‘বিকল্প শক্তি’ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে সিপিবি, চট্টগ্রাম জেলার দুই দিনের সম্মেলন।
শুক্রবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে সৈয়দ আবু জাফর বলেন, বিভিন্ন সময়ে দেশে রাষ্ট্রক্ষমতার পালাবদল হলেও এটা প্রমাণিত যে, দেশের ‘লুটেরা’ শাসক শ্রেণীর শাসনে দেশের মানুষ কোনোভাবেই ভাল ছিল না।
“এজন্য মানুষের সংকট মোচনে জোট-মহাজোটের বাইরে বাম-গণতান্ত্রিক-দেশপ্রেমিকদের বিকল্প শক্তি গড়ে তোলা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।”
সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য মন্টু ঘোষ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক অশোক সাহা, মছিউদ্দোল্লা প্রমুখ।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধনের পর একটি লাল পতাকার মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শনিবার সকাল থেকে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৫৭ ঘ.
bdnews24