২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন চট্টগ্রাম আ. লীগের

কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫ তম জন্মবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫ তম জন্মবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার পার্কে দলের পক্ষে কেক কেটে জন্মদিন উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। কেক কাটার সময় উপস্থিত না থাকলেও পরে অনুষ্ঠানে যোগ দেন নগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাংসদ নুরুল ইসলাম বিএসসি। অনুষ্ঠানে দুই নেতার মুখেই ছিল ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি পালনের বক্তব্য। দল চলবে গণতান্ত্রিক ভাবে- এই আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী আফসারুল আমীন বলেন, ভবিষ্যতের সব কর্মসূচি পালন করা হবে ঐক্যবদ্ধভাবে। এদিকে, উদ্বোধনী বক্তব্যেও একই সুরে কথা বলেন মহিউদ্দিন চৌধুরী। পরে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বছরগুলোর মতো এবারো জন্মদিনে দেশের বাইরে রয়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/১৯৫২ ঘ.