ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গভবনে শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা শুক্রবার বঙ্গভবনের দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি শিশুদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশের গর্বিত নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
শিশুদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণাবলী অনুসরণ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “তার (শেখ হাসিনা) বৈশিষ্ট্য হচ্ছে সবার সঙ্গে ভালো ব্যবহার করা, বয়স্ক ব্যক্তিদের শ্রদ্ধা এবং অসহায়দের সাহায্য করা।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
দিনটি উপলক্ষে সংগঠনের শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২১২৭ ঘ.
bdnews24