ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামুদ্রিক মৎস্যসম্পদ জরিপ, মৎস্য ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও জৈবপ্রযুক্তি খাতে নরওয়ের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।
নরওয়ে সফররত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বৃহস্পতিবার অসলোয় দেশটির মৎস্য ও উপকূল বিষয়কমন্ত্রী লিসবেথ বার্গ হ্যানসেনের সঙ্গে সাক্ষাতের সময় এ সহায়তা চান।
মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নির্মল চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিসবেথ এসব খাতে বাংলাদেশকে যথাসম্ভব সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।”
লতিফ বিশ্বাসের আমন্ত্রণে নরওয়ের মন্ত্রী বাংলাদেশ সফরেও সম্মত হয়েছেন বলে নির্মল চন্দ্র জানান।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশের ইলিশ ব্যবস্থাপনা, মৎস্য গবেষণা, নৌযান ক্রয় ও মেরিকালচারসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
পরে মন্ত্রী নরওয়ের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা নোরাডের মহাপরিচালক মিজ ভিলা কুলিল্ডের সঙ্গেও দেখা করেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামসুল কিবরিয়া, ফিশ অ্যান্ড শ্রিম্প ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক এবং ওয়ার্ল্ড ফিশ সেন্টারের বাংলাদেশ ও সাউথ এশিয়া অফিসের গবেষণা সমন্বয়কারী বিনয় কুমার বর্মন বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/১৫৫৫ ঘ.
bdnews24