২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত চার জন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত চার জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এম আর খান চা বাগানের লোকজন মোহাজিরাবাদ এলাকায় একটি জমি দখল করতে গেলে লোকজন বাধা দেয়। এ সময় বাগান কর্তৃপক্ষ গুলি ছোড়ে। অবশ্য চা বাগান কর্তৃপক্ষের দাবি, বাগানের গাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিলে সেখানের কিছু বস্তিবাসী তীর-ধনুক নিয়ে হামলা চালায়। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল¬াহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাজিরাবাদ এম আর খান চা বাগানের পাশে শামছুল আলম শামীমের চার একরের আনারস বাগান আছে। আনারস বাগানের একটি বস্তিতে বেশ কিছু পরিবার বাস করে। দুপুরে সেই জমি নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর বাগানের নিরাপত্তারক্ষী আনসার সদস্য ও বাগান কর্তৃপক্ষ একনলা বন্দুক থেকে ২২ রাউন্ড গুলি ছোড়ে। এতে চার জন গুলিবিদ্ধসহ ছয় জন আহত হয়। গুলিবিদ্ধ মোহাজিরাবাদ বস্তির দুদু মিয়ার স্ত্রী বুলু বেগম (৩৫), মোস্তফা মিয়া (২২), ইউনুছ মিয়া (২৫), জীবন আলীকে (৩৫) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত চা বাগানের আনসার কর্মকর্তা হুমায়ুন কবির (৩০) ও শ্রমিক হাজেরা বেগমকেও (৩৫)। বস্তিবাসী মো. জিন্নত আলী ও তাজু মিয়া সাংবাদিকদের জানান, চা বাগানের কর্মকর্তা ইলিয়াস ও শফিউল দুপুর ১২টার দিকে ১৫/২০ জন শ্রমিক নিয়ে শামীমের আনারস বাগানে ঢুকে গাছপালা কাটতে শুরু করে। এ সময় আনারস বাগানে কর্মরত শ্রমিক হাজেরা বাধা দিলে হামলাকারীরা তাকে বেদম মারপিট করে। এ সময় বস্তির লোকজন ছুটে এলে দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টাধাওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য মো. আবু তাহের সাংবাদিকদের জানান, চা বাগান সংলগ্ন শামীমের আনারস বাগানে ১৬/১৭ বছর ধরে কয়েকটি পরিবার বসবাস করে আসছে। ওই জমির দখল নিতেই চা বাগান কর্তৃপক্ষ হামলা চালায়। এম আর খাঁন চা বাগানের ব্যবস্থাপক জহির আহম্মেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বস্তির লোকজন চা বাগানের একটি গাছ কেটে চুরি করে নিয়ে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বস্তির তাজুদ মিয়া, নাসির মিয়া ও বাচ্চু মিয়ার নেতৃত্বে দুইশ’ লোক দেশিয় তীর-ধনুক নিয়ে হামলা চালায়। হামলায় বাগানের সহকারী ব্যবস্থাপক শফিউল আলম আহত হন। এ সময় বস্তির লোকজন আনসার কর্মকর্তা হুমায়ূন কবীরকে তুলে নিয়ে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে বলে জানান চা বাগানের ব্যবস্থাপক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৩৪ ঘ.