ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক জেনারেটর দোকানের কর্মচারীকে জবাই করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ১১টার দিকে জিনজিরা বাজারের সীমানায় একটি পরিত্যক্ত ফাঁকা জায়গা থেকে সাগার মিয়া নামের আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সাগরকে পেটে ছুরি মেরে এবং গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাগরের বন্ধুরাই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
সাগরের মা আলো বেগম থানায় সাংবাদিকদের জানান, শনিবার সকালে আগানগর বাসা থেকে চকবাজার কাজে যায়। রাতে আর বাসায় ফিরে নাই। রোববার সকালে জিনজিরায় তার মৃতদেহ দেখতে পেয়ে মানুষ তাকে খবর পাঠান।
সাগর চকবাজারে একটি জেনারেটরের দোকানে দুই বছর ধরে কাজ করতেন বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এফএস/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24