কক্সবাজার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় ৪১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ছয়শ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বাদি হয়ে বৃহস্পতিবার বিকালে মামলাটি করেন। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করে।
বুধবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর বাবা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমদকে পুলিশ থানায় নিয়ে গেলে এলাকায় তার কয়েক হাজার সমর্থক থানায় হামলা ও ভাংচুর চালায়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের উপর হামলা, থানার সীমানা প্রচীর ভাংচুরের মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ফারুক আহমদ এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
এদিকে এলাকাবাসী জানায়, সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। ভয়ে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০০৭ ঘ.
bdnews24