বগুড়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে আসা ঢল ও ভারী বর্ষণে বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাম্মাদুল বাক্কি জানান, গত শনিবার রাতে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় যমুনা নদীর বিকল্প রিং বাঁধ ভেঙে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ২৬টি ইউনিয়নের ৮০টি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে ৩৮ হাজার নয়শ’ পরিবার।
এসব পরিবার পানিবন্দি হয়ার পর পাঁচ দিন পার হলেও বুধবার রাত পর্যন্ত সেখানে সরকারি পর্যায়ের কোনো ত্রাণ যায়নি। তবে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় বন্যার্তদের মাঝে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাম্মাদুল বাক্কি জানান, বন্যার্তদের জন্য ইতোমধ্যে আটশ’ মেট্টিক টন চাল এবং ১২ লাখ টাকা পাওয়া গেছে। আগামী শুক্রবার থেকে তা বিতরণ করা হবে।
সারিয়কান্দি উপজেলা প্রকল্প কর্মকর্তা বেনজির আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সারিয়াকান্দির ২০ হাজার পরিবারের মধ্যে পরিবার প্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হবে।”
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান, যমুনার পানি আরো বাড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার যমুনার পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং বাঙালি নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
বাঙালি ও যমুনার পানি এক হয়ে ধুনটে ইছামতী ও মানাস নদী দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
তিনি বলেন, বন্যাকবলিত অনেক এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। বন্যার্তরা বাঁধসহ অপেক্ষাকৃত উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছে।
বগুড়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রশিদ রাজা জানান, কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত তিন উপজেলায় প্রায় ১১ হাজার হেক্টর জমির রোপা আমনসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।
বগুড়া-১ আসনের (সারিয়াকান্দী-সোনাতলা) সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, সারিয়াকান্দী ও ধুনট উপজেলায় রেড ক্রিসেন্টের সহযোগিতায় এক হাজার পরিবারের মধ্যে তাঁবু, শাড়ি, লুঙ্গি ও নগদ দুই হাজার টাকা করে দেয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে এবং আগামী শুক্রবার থেকেই তা বিতরণ শুরু হবে।
বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষি পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১৮৫৭ ঘ.
bdnews24