২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর সড়ক মেরামতের দাবিতে সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের ভাওয়াল মির্জাপুর সড়ক মেরামতের দাবিতে সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে ২০ মিনিট পর পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মানববন্ধনে বক্তারা জানান, ভাওয়াল মির্জাপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একমাত্র সড়কটি খানা-খন্দে ভরা। দীর্ঘ ৪ বছর ধরে সড়কটি মেরামত না করায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছে। গত বছর সংস্কার কাজের দরপত্র ও কাজের উদ্বোধন করা হলেও সড়কের ওপরের কার্পেটিং তোলার পর কাজ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তারা। মানববন্ধন থেকে সড়ক সংস্কারে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়। এ সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের হুমকি দিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় ভাওয়াল মির্জাপুর এলাকার রাস্তা মেরামতের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করে। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে ২০মিনিট যান চলাচল বন্ধ ছিল। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত জানান, অর্থ সংকটের কারণেই ওই সড়কের মেরামত কাজ বন্ধ ছিল। সংস্কারের কাজের প্রায় ২২ কোটি টাকার মধ্যে পৌনে ৪ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮৩০ ঘ.